চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৮ রান তুলেছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। তামিম ইকবাল ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই হাফসেঞ্চুরির দেখা পান তামিম। রান তোলার দিক থেকে সতীর্থ মাহমুদুল হাসান জয়ের চেয়েও বেশি সাবলীল ছিলেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে হাফসেঞ্চুরি হাঁকান জয়ও।
বিরতির পর খেলতে নেমেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ফেলে বাংলাদেশ। ব্যক্তিগত ইনিংসে ১৪২ বলের মোকাবিলায় নয়টি চার হাঁকানো জয় ৫৮ রান নিয়ে আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন নিরোশান ডিকওয়েলার হাতে।
উইকেটে এসে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। শান্ত ২২ বলে ২ রান করে ও মুমিনুল ১৯ বলে ২ রান করে কাসুন রাজিথার শিকারে পরিণত হন। একাদশে না থাকলেও বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে তৃতীয় দিন মাঠে নামেন রাজিথা। এই সেশনেই ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
দলীয় ৩ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। তৃতীয় ও শেষ সেশনে লিটন দাসকে নিয়ে মাঠে নামেন মুশফিকুর রহিম। পেশিতে টান লাগায় তামিম ইকবাল ছিলেন ফিজিওর তত্ত্বাবধানে, তাই রিটায়ার্ড হার্ট হয়ে বিশ্রামে থেকে যান এই ওপেনার। তার আগে ২১৭ বলের মোকাবিলায় ১৫টি চারের সাহায্যে ১৩৩ রান করেন।
শেষ সেশনে দলের ইনিংস দক্ষ হাতে আগলে রেখেছেন মুশফিক ও লিটন। হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন দুজন। মুশফিক ১৩৩ বলে ৫৩ ও লিটন ১১৪ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রান থেকে এখন ৭৯ রানে পিছিয়ে আছে টাইগাররা। লঙ্কানদের পক্ষে কাসুন রাজিথা দুটি ও একটি উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো।
সুত্রঃ দৈনিক অধিকার